পাকিস্তান আমলের ৩১০টি গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কবরস্থান ভরাট করতে গিয়ে মাটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১০টি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর থানার ওমরশাহ পাড়া এলাকার কালারমার পুকুরপাড় এলাকা থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।
বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ওমরশাহ পাড়ায় একটি কবরস্থান ভরাটের জন্য কালারমার পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাটি এনে স্তূপ করা হয়। গতকাল শ্রমিকেরা মাটি কাটতে গিয়ে একটি টিনের বাক্স দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ওই টিনের বাক্স থেকে ১২টি ম্যাগাজিন ও ৩১০টি গুলি উদ্ধার করা হয়। প্রতিটি গুলির গায়ে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি (পিওএফ) লেখা রয়েছে।