সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর বৈঠকে সাবেক কয়েকজন রাষ্ট্রদূত
পাকিস্তান ও তুরস্কের আচরণ কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত
সাবেক কয়েকজন রাষ্ট্রদূত বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তান ও তুরস্ক যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তাঁরা এ কথা বলেন।
‘জাতীয় দায়বদ্ধতা ও তুরস্ক, পাকিস্তানের অবাঞ্ছিত প্রতিক্রিয়া’ শীর্ষক এই গোলটেবিলে কোনো কোনো সাবেক রাষ্ট্রদূত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার পরামর্শ দেন।
তুরস্কে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এ টি এম নজরুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যা করছেন, তা অসভ্যতা, অকূটনৈতিকসুলভ ও অগ্রহণযোগ্য। রাষ্ট্রদূত থাকাকালে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ মন্ত্রী থাকাকালে ওই দেশ সফর করেছিলেন। কিন্তু রাষ্ট্রদূত হিসেবে তাঁকে কিছু জানানো হয়নি। জামায়াতের সঙ্গে এরদোয়ানের আগে থেকেই একটা যোগাযোগ ছিল।
আরেক সাবেক রাষ্ট্রদূত আশরাফ উদ-দৌলা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার পরামর্শ দেন। সভাপতির বক্তৃতায় সেক্টর কমান্ডারস ফোরামের উপদেষ্টা ও সাবেক কূটনীতিক মহিউদ্দীন আহমেদ বলেন, পাকিস্তান ও তুরস্ক যা করেছে, তা একেবারেই নিন্দনীয় ও গ্রহণযোগ্য নয়। তিনি একাত্তরে চীনের ভূমিকারও সমালোচনা করেন।
গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব সাংবাদিক হারুন হাবীব। তিনি বলেন, যুদ্ধাপরাধ বিচারের বিরোধিতাই নয়, বিগত দুই বছরে তিনজন পাকিস্তানি কূটনীতিককে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে। কাজেই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তানি হস্তক্ষেপের বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনার দাবি রাখে। তিনি বলেন, যত দিন পাকিস্তান ইতিহাস অস্বীকার করে যাবে, যত দিন দেশটি বাংলাদেশের গণমানুষের কাছে ক্ষমা না চাইবে, তত দিন পিছিয়ে যাবে দুই দেশের সম্পর্ক। এই প্রক্রিয়া পাকিস্তানকে সভ্য দুনিয়া থেকে আরও বিচ্ছিন্ন করবে।
সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলমের সঞ্চালনায় গোলটেবিলে আরও বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুক ও মমতাজ হোসেন, শরদিন্দু শেখর চাকমা, মুক্তিযোদ্ধা আহাদ চৌধুরী, মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবাহ কামাল প্রমুখ।