মানবতাবিরোধী অপরাধের দায়ে গত শনিবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক বিবৃতি দেওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর বিশেষ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
পাকিস্তানি পররাষ্ট্র দপ্তরের বিবৃতির বরাত দিয়ে জিয়ো টেলিভিশনের খবরে বলা হয়, ‘জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। বাংলাদেশে চলমান বিচার-প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলের মন্তব্যও আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, মুসলিম দেশ ও সার্কের সদস্য হিসেবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভে আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে। ভবিষ্যৎ শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য, সম্প্রীতি ও সামনের দিকে এগোনোর মূল্যবোধ নিয়েই আমাদের চলা উচিত বলে আমরা মনে করি।’
এদিকে গতকাল তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির উল্লেখ করে সে দেশের বার্তা সংস্থা আনাদোলু বলেছে, মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করছে। তুরস্ক বাংলাদেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর চালিয়ে না যাওয়ার এবং বাংলাদেশে সামাজিক সংহতি ও শান্তি বজায় রাখার স্বার্থে এ ধরনের অন্যান্য মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘...মৃত্যুদণ্ড বিলোপকারী দেশ হিসেবে তুরস্ক তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করায় উদ্বিগ্ন। সমাজে এটা নতুন উত্তেজনা সৃষ্টি করবে।’