পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে পাকিস্তান ও তুরস্কের মন্তব্যের প্রতিবাদে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পেশাজীবী সমন্বয় পরিষদ l ছবি: প্রথম আলো
মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে পাকিস্তান ও তুরস্কের মন্তব্যের প্রতিবাদে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পেশাজীবী সমন্বয় পরিষদ l ছবি: প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তান ও তুরস্কের মন্তব্য ধৃষ্টতাপূর্ণ। তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তাঁরা এ দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম। পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজী সালেহউদ্দিন, স্থপতি বিধান বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, কলেজ শিক্ষক ইদ্রিস আলী, নারীনেত্রী নুরজাহান খান, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান প্রমুখ।

এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তুরস্ক ও পাকিস্তান যেভাবে অযাচিত মন্তব্য করেছে, তা ধৃষ্টতাপূর্ণ। আমরা এই দুই দেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছি।’

সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অন্য দেশের প্রশ্ন তোলা এটি একটি স্বাধীন দেশের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের শামিল। সরকারের উচিত পাকিস্তান ও তুরস্কের অযাচিত হস্তক্ষেপের উচিত জবাব দেওয়া। তাদের পণ্য বর্জন এবং সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, দুই দেশের এমন মন্তব্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এখনো চুপ রয়েছে। বাংলাদেশে অ্যামনেস্টির কার্যক্রম বন্ধেরও দাবি জানান তাঁরা।

এদিকে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তান ও তুরস্কের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা নগরের প্রেসক্লাবের সামনে গতকাল দুপুরে দুই দেশের জাতীয় পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায়। এ সময় দুই দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতেও স্লোগান দেন নেতা-কর্মীরা।