পাকিস্তান করার স্বপ্ন বাস্তবায়িত হবে না: আবদুল মান্নান
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, বিএনপি ও জামায়াত হরতালের নামে নিরীহ মানুষ হত্যা করছে। এভাবে সংঘাতময় পরিস্থিতির মধ্যে ফেলে দেশকে তারা পাকিস্তানে রূপান্তরের চেষ্টা করছে। কিন্তু এ দেশের জনগণের এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশকে পাকিস্তান করার স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।গতকাল শুক্রবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া পিকেবি উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।গৃহায়ণ প্রতিমন্ত্রী অভিযোগ করেন, রাজাকারদের বাঁচাতে খালেদা জিয়া মরিয়া হয়ে উঠেছেন। তাঁরা মুসলমানদের আগুনে পুড়িয়ে মেরে নিজেদের প্রকৃত মুসলমান বলে দাবি করছেন। তাঁদের এই তালেবানি চেষ্টা কখনো সফল হবে না। এ দেশের সব ধর্মের লোক স্বাধীনতাযুদ্ধ করেছিল, প্রয়োজন হলে স্বাধীনতা বিনষ্টকারীদের বিরুদ্ধে দেশের মানুষ আবার যুদ্ধে নামবে।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ওই বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেন এবং নতুন নির্মিত একাডেমি ভবনের উদ্বোধন করেন।