মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে নাক গলানোর জন্য পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে সেক্টর কমান্ডারস ফোরাম, চট্টগ্রাম। ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দেওয়ার দাবি জানান ফোরামের নেতারা।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের নিউমার্কেট চত্বরে সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়।
বক্তারা বলেন, যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তানের বক্তব্য চরম ধৃষ্টতাপূর্ণ। এই বক্তব্য ১৯৭১ সালে তাদের পরাজয়ের প্রতিশোধ স্পৃহার বহিঃপ্রকাশ। তারা যদি এই বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করে, তাহলে বাংলাদেশে পাকিস্তানি দূতাবাস অবিলম্বে বন্ধ করতে হবে।
বক্তারা বলেন, দেশে সন্ত্রাস-জঙ্গিবাদের উত্থানের যে অপচেষ্টা তা পাকিস্তানি দূতাবাস থেকে পরিচালিত হচ্ছে। পাকিস্তানি দোসরেরা এখানে বসে এখনো স্বপ্ন দেখছে দেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি এলাকা প্রদক্ষিণ করে।
সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি কমান্ডার মো. ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং মহানগরের সাধারণ সম্পাদক বি কে বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, ফোরামের বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী, নগর সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম, উত্তর জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, ফজল আহমদ, গৌরী শংকর চৌধুরী, আবুল কাশেম, আনোয়ার আজম, মোফাচ্ছেল চৌধুরী মানিক প্রমুখ।