পাকিস্তান চায় বাংলাদেশের মতো হতে: শিক্ষামন্ত্রী

বর্তমান বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আজকের বাংলাদেশকে অনুসরণ করে বাংলাদেশের মতো হতে চায় পাকিস্তান।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামের আখতারুজ্জামান চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ আল্লামা রুমি সোসাইটি দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের টক শোর বক্তব্য উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁদের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে অনুরোধ জানিয়ে বলছেন, আগামী ১০ বছরের মধ্যে পাকিস্তানকে যেন উন্নয়নে বাংলাদেশের পর্যায়ে উন্নীত করে। তিনি বলেন, ‘অথচ পাকিস্তান দীর্ঘদিন ধরে আমাদের ওপর আধিপত্য করেছিল, শোষণ করেছিল। আর আজকের বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে।’
তরুণ প্রজন্মের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। অবশ্যই তাদের নৈতিকতা ও মানবিকতার বিকাশ প্রয়োজন। মানবিকতার অনুশীলন ছাড়া কেউ সত্যিকার সফলতা লাভ করতে পারে না।’
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস বায়েজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম খান প্রমুখ সম্মেলনে বক্তব্য দেন।