মুদ্রা জালকারী আন্তর্জাতিক চক্রের তিন সদস্য গতকাল শুক্রবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তাঁরা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে পাকিস্তানে তৈরি ভারতীয় জাল মুদ্রার চালান বিভিন্ন বাহকের মাধ্যমে আকাশপথে এ দেশে আনার সঙ্গে তাঁরা জড়িত। মুদ্রা জাল চক্রের এই তিন সদস্য হলেন পাকিস্তানের নাগরিক মো. দানিশ ও সাব্বির আলী এবং বাংলাদেশি ফাতেমা আক্তার। বিপুল ভারতীয় জাল মুদ্রাসহ এ তিনজনকে গত সোমবার ঢাকার মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই আদালতের মাধ্যমে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। আদালত সূত্র জানায়, এই তিন আসামি স্বীকারোক্তি দিতে রাজি হওয়ায় গতকাল বিকেলে তাঁদের আদালতে নেওয়া হয়। ঢাকা মহানগর হাকিম তানিয়া কামাল তিনজনের জবানবন্দি গ্রহণ করেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দানিশ ও সাব্বির দীর্ঘদিন ধরে পাকিস্তানে তৈরি ভারতীয় জাল মুদ্রার চালান বিভিন্ন বাহকের মাধ্যমে আকাশপথে এ দেশে আনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এগুলো সরাসরি বাংলাদেশ থেকে নেপাল হয়ে ভারতে পাঠানো হতো। এ ছাড়া এসব জাল মুদ্রার চালানের একটা অংশ বাংলাদেশে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে বাজারজাত করা হতো। এর মধ্যে সাব্বির পাকিস্তানের এক নাগরিকের নাম বলেছেন, যিনি ওই দেশে বসে এ দেশে ভারতীয় জাল মুদ্রা বাজারজাতকারী চক্র নিয়ন্ত্রণ করেন।ফাতেমা আক্তার বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। তিন বছর আগে তিনি পাকিস্তানি নাগরিক দানিশকে বিয়ে করেন। বিয়ের পর দানিশসহ ঢাকার মালিবাগে থাকতেন। তিনি স্বীকার করেন, স্বামীর সঙ্গে তিনিও জাল মুদ্রা পাচারে জড়িত হন। এ তিনজনকে গ্রেপ্তারের আগে একই চক্রের আরেক সদস্য ও পাকিস্তানি নাগরিক রুবিনা হোসাইনকে ডিবি গত ২৮ ডিসেম্বর ভারতীয় মুদ্রাসহ গ্রেপ্তার করে। রুবিনা পাকিস্তান থেকে এসে ঢাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। তিনি দুই কোটি রুপির একটি চালান জালিয়াত চক্রের কাছে হস্তান্তরের পর ধরা পড়েন। রুবিনা এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।ভারতের জাল রুপিসহ গ্রেপ্তার: রাজধানীর রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতের ৫০ হাজার রুপি জাল নোট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহিদ হাসান (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ডিবির একটি দল রায়েরবাজার টালি অফিসসংলগ্ন জাহিদ হোসেনের বাসায় অভিযান চালায়। ডিবির সহকারী কমিশনার গোলাম আজাদ খান বলেন, গত সোমবার ডিবি পাকিস্তানি দুই নাগরিকসহ তিনজনকে ভারতের জাল রুপিসহ গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাহিদের বাসায় অভিযান চালানো হয়। জাহিদ নগরের বিভিন্ন স্থানে জাল রুপির ব্যবসা করছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে জাহিদ তাঁর কয়েকজন সহযোগীর নাম বলেছেন।