পাকিস্তানের ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমান গতকাল বৃহস্পতিবার রাতে পর্তুগালের লিসবন পৌঁছেছেন। সেখানকার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার পর (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) তিনি পর্তুগালের রাজধানীতে পৌঁছান।
পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী সপ্তাহে মৌসুমী রহমান বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর হিসেবে কাজে যোগ দেবেন।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জেরে ইসলামাবাদ গত মঙ্গলবার বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ফিরিয়ে নিতে বলে। ফারিনাকে প্রত্যাহারের জের ধরে পাকিস্তান যে পাল্টা পদক্ষেপ নেবে, সরকার এটি আগেভাগেই আঁচ করতে পেরেছিল। তাই সরকার ইসলামাবাদ থেকে মৌসুমী রহমানকে ঢাকায় না এনে লিসবনে বদলির সিদ্ধান্ত নিয়েছিল।