পাকিস্তান থেকে হাইকমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনকে সরকার দেশে ফিরিয়ে আনছে। তাঁর পরিবর্তে কলম্বোতে বাংলাদেশের হাইকমিশনার তারিক হাসানকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার সকালে প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার এক দাপ্তরিক আদেশে সোহরাব হোসেনকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, মানবতাবিরোধী অপরাধের বিচারে যুদ্ধাপরাধীর শাস্তির রায় কার্যকর করার পর থেকে পাকিস্তানের সঙ্গে একধরনের তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে। আর রায় কার্যকর করার পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে সোহরাব হোসেন একাধিকবার ইসলামাবাদ থেকে ঢাকায় এসে নিরাপত্তা ঝুঁকির কথা বলেছেন। এ প্রেক্ষাপটে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাঁকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, আগামী বছরের এপ্রিলে সাবেক কূটনীতিক সোহরাব হোসেনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০১০ সালের এপ্রিলে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে তিনি দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। প্রথমবারের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আরও দুবার দুই বছর করে চার বছরের জন্য তিনি নিয়োগ পান।