পাকিস্তান দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ
‘পাকিস্তান থেকে বাংলাদেশি কূটনীতিককে বহিষ্কারের পরিপ্রেক্ষিতে সরকার উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার’ প্রতিবাদে ২০ জানুয়ারি পাকিস্তান দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ।
আজ শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।
ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তান যেভাবে বাংলাদেশি কূটনীতিক মৌসুমী রহমানকে বহিষ্কার করেছে, তা পুরোপুরি শিষ্টাচার-বহির্ভূত। এর কোনো ব্যাখ্যা পাকিস্তান দিতে পারেনি। সরকারও পাকিস্তানের এ ধৃষ্টতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তানি কূটনীতিক ফারিনাকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার প্রমাণসহ বহিষ্কার করা হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী পাকিস্তানের ওই কূটনীতিকের অপরাধের বিচার হওয়ার কথা। বাংলাদেশ সরকার ওই কূটনীতিকের বিচারের জন্য পাকিস্তানকে চাপ দেয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্র হত্যাকে কেন্দ্র করে হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে ইমরান বলেন, পাকিস্তান থেকে এমন বিভিন্ন হামলার ইন্ধন দেওয়া হয়।
সমাবেশে গণজাগরণ মঞ্চের সংগঠন মারুফ রসূল, খান আসাদুজ্জামান, ইমরান হাবিব, ভাস্কর রাসা প্রমুখ বক্তব্য দেন।
এরপর মঞ্চের কর্মী-সংগঠকেরা একটি মশাল মিছিল বের করেন।