পাকিস্তান দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান থেকে বাংলাদেশি কূটনীতিককে বহিষ্কারের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে ২০ জানুয়ারি পাকিস্তান দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ।
গতকাল শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, পাকিস্তান যেভাবে বাংলাদেশি কূটনীতিক মৌসুমি রহমানকে বহিষ্কার করেছে, তা পুরোপুরি শিষ্টাচারবহির্ভূত। এর কোনো ব্যাখ্যা পাকিস্তান দিতে পারেনি। সরকারও পাকিস্তানের এই ধৃষ্টতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
২০ জানুয়ারির মধ্যে সরকারের আশ্বাস পাওয়া গেলে কর্মসূচি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে জানান ইমরান এইচ সরকার। এর আগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ছাত্র, নারী, যুব, শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তাঁরা।
সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তানি কূটনীতিক ফারিনাকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার প্রমাণসহ বহিষ্কার করা হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী পাকিস্তানে ওই কূটনীতিকের অপরাধের বিচার হওয়ার কথা। বাংলাদেশ সরকার ওই কূটনীতিকের বিচারের জন্য পাকিস্তানকে চাপ দেয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্র হত্যাকে কেন্দ্র করে হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান থেকে এমন বিভিন্ন হামলার ইন্ধন দেওয়া হয়।
সমাবেশে গণজাগরণ মঞ্চের সংগঠক মারুফ রসূল, খান আসাদুজ্জামান, ইমরান হাবিব, ভাস্কর রাসা প্রমুখ বক্তব্য দেন।
এরপর মঞ্চের কর্মী-সংগঠকেরা একটি মশাল মিছিল বের করেন। এ সময় তাঁরা ‘পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানে চলে যা’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, পাকি অ্যাম্বাসি ঘেরাও হবে’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।