পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি
সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় গুলশান ২ নম্বর থেকে পাকিস্তান দূতাবাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এই কর্মসূচি পালনের জন্য সকাল থেকে বিপুলসংখ্যক লোক গুলশান ২ নম্বর চত্বরে এসে সমবেত হন। একপর্যায়ে তাঁরা চত্বর থেকে পাকিস্তান দূতাবাস অভিমুখী সড়কের দিকে যেতে চাইলে পুলিশ প্রতিবন্ধক বসিয়ে বাধা দেয়। গুলশান ২ নম্বরে বসতি টাওয়ারের সামনে দেওয়া পুলিশের ওই ব্যারিকেডে ১০ থেকে ১৫ মিনিট অবস্থান নেন নেতা-কর্মীরা। সেখানে সমাবেশে নেতারা বক্তব্য দেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি সাংসদ রহমত উল্লাহ বলেন, সম্প্রতি যেসব হত্যাকাণ্ড ঘটছে, সেই হত্যাকাণ্ডে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও ইসরায়েলের মোসাদ ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের কারণে হত্যাকাণ্ডগুলো ঘটছে।
জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধারা ফিরে যাবেন না।
এদিকে একই কর্মসূচিতে দুপুর ১২টার দিকে নতুন বাজার মোড় থেকে পাকিস্তান দূতাবাসের দিকে এগোতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ভাটারা থানার সামনে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা, কেন্দ্রীয় নেতা ও সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোশতাক আহমেদ খান বলেন, ‘এটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। তবে যেহেতু এটা কূটনৈতিক এলাকা, এই এলাকায় মিছিল-সমাবেশ করে ভেতরে যাওয়া যায় না। তাই আমরা ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছি।’