পাকিস্তান পার্লামেন্টের প্রতিক্রিয়া আমাদের মর্মাহত করছে: খালেদা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘আমরা সমঝোতার চেষ্টা করেছিলাম। কিন্তু সরকার চায়নি। দেশবাসী তার প্রমাণ পেয়েছে।’
আজ মঙ্গলবার পঞ্চম দফা অবরোধ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খালেদা জিয়া। রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে সন্ধ্যা পৌনে ছয়টায় সংবাদ সম্মেলন শুরু হয়।
সরকার বিএনপির প্রস্তাবে সাড়া দেয়নি উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ঘরে ঘরে কান্নার রোল। শহর ও গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু সরকার নির্বিকার।
খালেদা জিয়া বলেন, সংবিধানের ১৫তম সংশোধনীর জন্য এখন দেশে যা ঘটছে, তার দায়-দায়িত্ব আওয়ামী লীগকেই বহন করতে হবে। দুই দল ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা আওয়ামী লীগ ভালো করেই জানে।
বিরোধীদলীয় এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলে থাকেন যে ১৫তম সংশোধনীর মধ্য দিয়ে তিনি দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছেন। কিন্তু ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই প্রক্রিয়ায় ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাকি ১৪৬ আসনেও উপযুক্ত প্রার্থী নেই যে ভোটাররা তাঁদের ভোট দেবেন। শুধু আওয়ামী লীগ ও তাদের জোট এতে শামিল হয়েছেন। এটা কোনো ইলেকশন নয় নির্লজ্জ সিলেকশন।
বর্তমান সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরে খালেদা জিয়া বলেন, দেশে ডেমোক্রেসি ইজ ডেড। ‘ইকোনমিস্ট’-এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই নির্বাচন হলে শাসকেরা জিতবে, হারবে বাংলাদেশ। তাই লুটেরা এই সরকারের বিরুদ্ধে এখনই গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
‘জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের পার্লামেন্টের প্রতিক্রিয়ায় একজন নাগরিক হিসেবে আমাদের মর্মাহত করছে। আমরা এ ব্যাপারে আগেই বিবৃতি দিয়েছি। পাকিস্তানের সচেতন নাগরিকরাও এ ব্যাপারে সোচ্চার।’