স্মৃতিসৌধে না যাওয়ার জন্য ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং কাদের মোল্লার ফাঁসি কার্যকরের নিন্দা করায় পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে অর্থমন্ত্রী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম তৈরি পোশাক ও বস্ত্র খাতে প্রণোদনা দেওয়াসংক্রান্ত ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কাদের মোল্লার বিষয়ে পাকিস্তানের ভূমিকা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘পাকিস্তান কোনখানে দোষ করেছে, কোনখানে করেনি, সেটা তারা এখনো জানে না। দুঃখ হয়, ৪২ বছর পরেও ওই বর্বর কালচার (সংস্কৃতি) থেকে তারা বেরিয়ে আসতে পারেনি।’
ইইউ রাষ্ট্রদূতকে উদ্দেশ করে অর্থমন্ত্রী বলেন, ‘ইইউ রাষ্ট্রদূত স্মৃতিসৌধে গেল না। দিস ইজ বেয়াদবি, এক্কেবারে বেয়াদবি। আন্তর্জাতিক শিষ্টাচার হিসেবে যা প্রচলিত রয়েছে, যেমন-ভিয়েনা কনভেনশন, এর জন্মই হয়েছে ইউরোপে। এ জন্য আরও বেশি খারাপ লাগে।’
তৈরি পোশাক ও বস্ত্র খাতের জন্য প্রণোদনা বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা মজুরি বাড়িয়েছেন বলে কিছু সুবিধা চাইছেন। প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন, তাঁদের গতবারের মতো কিছু সুযোগ-সুবিধা দেওয়ার জন্য।
তাঁরা সত্যিই বড় সংকটে পড়েছেন—এ মন্তব্য করে মুহিত বলেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত নিতেই হবে।’ তবে এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আবার বসতে হবে বলে উল্লেখ করেন তিনি। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে গত ১১ ডিসেম্বর অর্থমন্ত্রীর কাছে আট দফা দাবি জানায় বস্ত্র খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ।