পাকিস্তান বানানোর চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে হবে: সাজেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, যারা এই দেশকে পাকিস্তান বানাতে চায়, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। যারা যুদ্ধাপরাধীদের নিয়ে থাকতে চায়, তাদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করতে হবে।

আজ শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাজেদা চৌধুরী বলেন, ‘হিন্দু-মুসলমান সবাই মিলে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে দীর্ঘ নয় মাস সংগ্রাম করে আমরা এই দেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করে স্বাধীন করেছি। আবার নতুন করে কেউ দেশকে পাকিস্তান বানাতে চাইলে তাদের পরিণতি ভালো হবে না। প্রয়োজনে তাদেরও আমরা প্রতিহত করব।’

ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে সাড়ে চারটার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত যাত্রা বিরতি দিয়ে সভায় যোগদান করেন সাজেদা চৌধুরী। পরে তিনি পৌর শহরসহ চারটি ইউনিয়নের প্রায় এক হাজার দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

জেলা প্রশাসন, রাজবাড়ী ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আকবর আলী মর্জি, পুলিশ সুপার মো. রেজাউল হক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ প্রমুখ।