পাকিস্তান মিথ্যাচার করছে: মাহবুব
মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভায় বাংলাদেশ নিয়ে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ‘এ ধরনের মিথ্যাচারের পর কেবল নিন্দা জানানোই যথেষ্ট নয়, আমি এর প্রতিবাদ করছি। কেননা, একাত্তরে পাকিস্তানি বাহিনী এখানে গণহত্যা চালিয়েছে।’
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মাহবুবুর রহমান এ কথা বলেন।
এই সাবেক সেনাপ্রধান বলেন, পাকিস্তান ডাহা মিথ্যাচার করছে। এটা ঠিক হচ্ছে না। তাদের অবশ্যই অপরাধের কথা স্বীকার করতে হবে।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মুর্তজা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান প্রমুখ।