পাকিস্তান শোধরায়নি, একাত্তরের নীতি থেকে সরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত নেতা কাদের মোল্লা ফাঁসি নিয়ে পাকিস্তানের পার্লামেন্টের প্রস্তাব এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য কূটনৈতিক শিষ্টচারবহির্ভূত। এটি  বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর শামিল।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে হাসানুল হক ইনু এ কথা বলেন। তিনি আরও বলেন, যতই দেশি-বিদেশি ষড়যন্ত্র হোক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে নেওয়া হবে। যদি বিচারে সাজা হয়, তবে তা কার্যকর করা হবে। পাকিস্তানের পার্লামেন্টের প্রস্তাব ও বক্তব্যে প্রমাণ হয়েছে, পাকিস্তান এখনো শোধরায়নি এবং একাত্তরের নীতি থেকে সরে আসেনি।
গতকাল সোমবার পাকিস্তান জাতীয় পরিষদে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়। পাকিস্তান জামায়াতের সাংসদ শের আকবর খান এই প্রস্তাব উত্থাপন করলে তাতে সমর্থন জানায় সরকারি দল মুসলিম লিগ। এ ছাড়া ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ, আওয়ামী মুসলিম লিগ, পাকিস্তান মুসলিম লিগ (কায়েদে আজম) ও জমিয়তে উলামা ইসলাম এই প্রস্তাবে সমর্থন জানায়।
প্রস্তাবটিতে বলা হয়, বাংলাদেশের উচিত হবে না ৪২ বছর আগের পুরোনো ক্ষতকে নতুন করে জাগিয়ে তোলা। এতে বাংলাদেশে যুদ্ধাপরাধসংক্রান্ত সব ধরনের মামলা ‘পারস্পরিক সমঝোতা’র ভিত্তিতে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানানো হয়।
পাকিস্তান জাতীয় পরিষদে আনা এই প্রস্তাবে অবশ্য সমর্থন দেয়নি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিপিপির সাংসদ আবদুল সাত্তার বাচানি পরিষদকে এ ধরনের প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়ে বলেন, ‘পুরো বিষয়টিই বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়। আমাদের উচিত হবে না একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এ ধরনের প্রস্তাব পাস করা।’