
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এবং স্বাধীন বিচারব্যবস্থার ব্যাপারে মন্তব্য করায় পাকিস্তান সরকারের প্রতি নিন্দা জানিয়ে দেশবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধীর পক্ষে বিএনপির সমর্থনেরও সমালোচনা করেছে সংগঠনটি।
জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার সকালে যুদ্ধাপরাধীর পক্ষে বিএনপির নগ্ন সমর্থন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরাম এই প্রতিক্রিয়া জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি কে এম সফিউল্লাহ।
কে এম সফিউল্লাহ বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি, বাংলাদেশের ঐতিহাসিক দায়বদ্ধতার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়ে একটি রাষ্ট্র এবং কয়েকটি আন্তর্জাতিক সংগঠন যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে এবং নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে এই বিচারের প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এর মধ্যে উল্লেখযোগ্য। আমরা এসব বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যমূলক প্রচারণার প্রতিবাদ জানাই। এই সংগঠনগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে লাখো শহীদ, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের বিরুদ্ধে বিংশ শতাব্দীর যে নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ ও নারী নির্যাতন ঘটেছে, তা-ও অস্বীকার করার ধৃষ্টতা দেখাচ্ছে।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, পাকিস্তান সরকার সব রকম আন্তর্জাতিক ও কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করে সাকা চৌধুরী ও মুজাহিদের পক্ষ নিয়ে ফাঁসির রায় কার্যকরের পর ‘গভীর উদ্বেগ ও ক্ষোভ’ প্রকাশ করেছে। পাকিস্তান সরকারের এ ধরনের বিবৃতি ও বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল। কাজেই তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।
সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ার জন্য বিএনপির প্রতি ইঙ্গিত করে দলটির ভূমিকার সমালোচনা করে বলা হয়, দেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল একজন শীর্ষ যুদ্ধাপরাধীর পক্ষে সরাসরি সাফাই গেয়েছে এবং বক্তব্য প্রচার করে বিচারকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এটি কেবল মহান মুক্তিযুদ্ধ নয়, দেশের বিচারব্যবস্থার প্রতি চরম অশ্রদ্ধা করেছে দলটি। সাকা চৌধুরীর নানা প্রতারণার কথা উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের এ ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে সরকারকে প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানায় সেক্টর কমান্ডারস ফোরাম। এ ছাড়া পাকিস্তানের ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচার শুরুর বিষয়ে তাগিদ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিচারের নানা আইনগত দিক তুলে ধরেন সেক্টর কমান্ডারস ফোরামের আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান শওকত। উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবিব, জ্যেষ্ঠ সহসভাপতি এম হারুন অর রশিদ, সহসভাপতি মো. নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এ কে মোহাম্মদ আলী শিকদার।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ: পাকিস্তান সরকারের বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। গতকাল মঞ্চের আহ্বায়ক অজয় রায়, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন তারেক আলী ও সদস্যসচিব নুর মোহাম্মদ তালুকদার এক বিবৃতিতে পাকিস্তান সরকারের এমন ধৃষ্টতার প্রতিবাদ জানানোর জন্য দল-মতনির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।