সরকারের নির্দেশে ঢাকা ত্যাগে বাধ্য হওয়া পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা মোহাম্মদ মাজহার খানের বিরুদ্ধে আনা জঙ্গি অর্থায়ন, জাল মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলামের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার পিটিআই ও ডন-এর খবরে এ তথ্য জানানো হয়।
পাকিস্তান হাইকমিশনের সহকারী ভিসা কর্মকর্তা মাজহার খান গত শনিবার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ত্যাগ করেন। তাঁর ইসলামাবাদে পৌঁছার সত্যতা নিশ্চিত করে মুখপাত্র তাসনিম বলেন, এ ঘটনা দুর্ভাগ্যজনক। মাজহারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘ভিত্তিহীন’।
পাকিস্তান হাইকমিশনের অভিযুক্ত কর্মকর্তা মাজহার খানের অবৈধ কর্মকাণ্ডের ব্যাপারে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে পারে বাংলাদেশ সরকার। এরপর তাঁকে দেশে ফিরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তান হাইকমিশনকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়। পরে তিনি দেশে ফিরে যান।