
একাত্তরের গণহত্যার দায় অস্বীকার ও বাংলাদেশি এক কূটনীতিককে প্রত্যাহার করে নিতে বলার প্রতিবাদে ঢাকায় পাকিস্তান হাইকমিশন ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে গণজাগরণ মঞ্চ।
গতকাল বুধবার রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে পুলিশ গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের আটকে দেয়। এর প্রতিবাদে আগামীকাল শুক্রবার শাহবাগে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
গতকাল বেলা সোয়া তিনটার দিকে ইমরান এইচ সরকারের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা গুলশান-২ নম্বর চত্বর থেকে পাকিস্তান হাইকমিশনের দিকে যেতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশ কর্মকর্তারা ইমরান এইচ সরকারকে নেতা-কর্মীদের নিয়ে ওই স্থান ত্যাগ করতে বলেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
পরে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা গুলশানে সোনালী ব্যাংকের সামনের সড়কে সমবেত হন। সেখানে বক্তব্য দেন ইমরান এইচ সরকার। পাকিস্তান হাইকমিশনকে জঙ্গিবাদের আস্তানা আখ্যা দিয়ে তিনি বলেন, যেখানে জঙ্গিবাদের বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার কথা, সেখানে জনতা যখন সেই আস্তানা ঘেরাও করতে চায়, তখন পুলিশ তাদের বাধা দিচ্ছে। বাংলাদেশে সব ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালিত হয় পাকিস্তান হাইকমিশনের মদদ ও অর্থায়নে।
ইমরান অভিযোগ করেন, বাধা দেওয়ার পাশাপাশি পুলিশ সোহেল ও রিয়াজ নামে মঞ্চের দুই কর্মীকে আটক করে নিয়ে গেছে।
তবে গণজাগরণ মঞ্চের কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ খান। তিনি প্রথম আলোকে বলেন, গুলশান-২ নম্বরে বেশ কিছু দেশের দূতাবাস রয়েছে। তাই এখানে সমাবেশ বা ঘেরাওয়ের মতো কর্মসূচি করা যায় না।