পাকিস্তান হাইকমিশন 'কাশিমবাজার কুঠি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান হাইকমিশনকে ‘কাশিমবাজার কুঠি’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘তারা (পাকিস্তান) শেখ হাসিনাকে হত্যা করতে চায়।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মুসলিম হলে আয়োজিত সভায় এসব কথা বলেন মন্ত্রী।
শাজাহান খান বলেন, ‘পাকিস্তান এখনো পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। তাই তারা এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা পাকিস্তানের সহ্য হচ্ছে না।’ তিনি বলেন, ‘তারা (পাকিস্তান) এদেশীয় দোসরদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়। তাঁকে হত্যা করতে চায়। বঙ্গবন্ধুর আদর্শকে ধূলিসাৎ করতে চায়। বেগম খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামী মিলে তাই ষড়যন্ত্র করছে।’
১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচারের দাবিতে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’ চট্টগ্রাম শাখা এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গণবিচার আন্দোলনের চট্টগ্রাম শাখার আহ্বায়ক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মন্ত্রী বলেন, ‘পাকিস্তানি দূতাবাসের এক কর্মকর্তা ভারতীয় মুদ্রাসহ গ্রেপ্তার হন। তাঁকে মুক্ত করে নিলেন রাষ্ট্রদূত এসে। আরেকজন জঙ্গিবাদে মদদ দিচ্ছেন। উদ্দেশ্য বাংলাদেশকে অস্থিতিশীল করা।’
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে নানা রকম কথা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করবে, তাদের রেহাই নেই।
সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে লড়াই করতে হবে।
সভায় বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চট্টগ্রাম জেলা কমান্ডার মোজাফফর আহমদ, কমান্ডার মো. শাহাবুদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি মজিবুল হক খান, যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইসমত কাদির আলাউদ্দিন মিয়া প্রমুখ।