পাকিস্তান হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানাল বাংলাদেশ
মানবতাবিরোধী অপরাধী ও আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে গতকাল বুধবার সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব পাস হওয়ার ঘটনার জোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে ডেকে মৌখিকভাবে এ প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় নাক গলানো অব্যাহত রেখে যাচ্ছে পাকিস্তান। এরই অংশ হিসেবে আজ দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নাজমুল হুদাকে তলব করা হয়েছে। ইসলামাবাদের এই ধৃষ্টতামূলক আচরণের প্রতিবাদে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পাল্টা তলব করে ঢাকা। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব ও কনস্যুলার মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় পাকিস্তানের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি কূটনৈতিক পত্র তুলে দেওয়া হয়।
এদিকে ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মো. ইকবাল হোসেন প্রথম আলোকে জানান, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নাজমুল হুদাকে তলব করা হয়েছে।
নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে গতকাল বুধবার সর্বসম্মতভাবে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’। এ ছাড়া গণহত্যায় নিজামীর সম্পৃক্ততাকে ‘কথিত অপরাধ’ উল্লেখ করে দেশটি ধৃষ্টতা দেখিয়েছে। সেই সঙ্গে বলেছে, ‘পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত’ রাখাই ছিল তাঁর অপরাধ।
মতিউর রহমান নিজামীকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত এক সপ্তাহের মধ্যে দুই দফা বিবৃতি দিল। এর আগে ৬ মে বিবৃতি দিয়েছিল তারা।
গত সোমবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ইসলামাবাদের দেওয়া ৬ মের বিবৃতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলার দুই দিন পর আবার দেশটি একই বিষয়ে প্রতিক্রিয়া জানায়।
আরও পড়ুন...