পাকিস্তানের করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘জ্বলন্ত ফ্লেয়ার’ (আগুনের গোলা) নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনার পর পাকিস্তানে বাংলাদেশের কূটনীতিক ও কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদারের জন্য আজ বুধবার দুপুরে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার রফিকুজ্জামান সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
আজ সন্ধ্যায় করাচি থেকে বাংলাদেশের উপহাইকমিশনার নূর-এ-হেলাল সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত আমাদের মিশন লক্ষ্য করে একটি আগুনের গোলা ছুড়ে মারে। মিনিট খানেক জ্বলে ওঠার পর সেটি নিভে যায়। এ সময় মিশনে উপস্থিত কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় চ্যান্সেরি পুলিশকে জানানোর পর সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় থানার কর্মকর্তারা মিশনে আসেন। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসে নিক্ষিপ্ত বস্তুটি ‘জ্বলন্ত ফ্লেয়ার’ বলে চিহ্নিত করেন। রাতে মিশনে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ।
নূর-এ-হেলাল সাইফুর রহমান জানান, বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশ মিশন পরিদর্শন করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে আগুনের গোলা ছোড়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ওই ঘটনার পর নিরাপত্তা কতটা বাড়ানো হয়েছে, জানতে চাইলে নূর-এ-হেলাল বলেন, ‘করাচি মিশন, কূটনৈতিক এবং কর্মীদের বাসায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জোরদার করা হয়েছে টহল। বুধবার স্বাভাবিক নিয়মে দাপ্তরিক কাজকর্ম চললেও উদ্বেগ কাটেনি। কারণ, গত বছর আমি এখানে আসার পর এ ধরনের কোনো ঘটনার মুখোমুখি হইনি।’
করাচিতে যে ঘটনাটি ঘটেছে, সেটি উপহাইকমিশনার তাৎক্ষণিকভাবে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানকে জানান। এ ছাড়া রাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি জানানো হয়েছে।
এদিকে রাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব মোহাম্মদ ইকবাল হোসেন এই প্রতিবেদককে জানান, বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, করাচির ঘটনার জের ধরে আজ বিকেলে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার রফিকুজ্জামান সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তাঁকে ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন, করাচিতে উপহাইকমিশন ও কূটনীতিকদের নিরাপত্তা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সে দেশের কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মনোয়ার হোসেনের দপ্তরে তলব করা হয়। তাঁকে ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার, করাচিতে উপহাইকমিশনারসহ তাঁদের কর্মীদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়ার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানোর বিষয়টি উল্লেখ করা হয়। এ সময় পাকিস্তানের হাইকমিশনারকে মনে করিয়ে দেওয়া হয়, কোনো রকম অপ্রত্যাশিত কিংবা আক্রমণাত্মক হামলা থেকে সার্বক্ষণিকভাবে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করাটা স্বাগতিক রাষ্ট্রের দায়িত্ব। পাকিস্তানে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়াতে পাকিস্তানের হাইকমিশনারকে বলা হয়েছে।