পাকিস্তান হাইকমিশনে সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিবাদলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

’৭১-এর গণহত্যা ও বর্বরতার দায় অস্বীকার করায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনে প্রতিবাদলিপি দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। গতকাল সোমবার ফোরামের তিন সদস্যের একটি প্রতিনিধিদল পাকিস্তান হাইকমিশনের গুলশান কার্যালয়ে গিয়ে এ প্রতিবাদলিপি দেয়।
প্রতিনিধিদলে ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, সহসভাপতি লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ এবং মহাসচিব হারুন হাবীব।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধে সব শহীদের প্রতি সম্মান প্রদর্শন এবং বাঙালি গণহত্যার দায় পাকিস্তানের অস্বীকারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ফোরামের নেতারা ২০টি গাড়ির বহর নিয়ে প্রতিবাদলিপি দিতে পাকিস্তান হাইকমিশনের উদ্দেশে রওনা দেন। গাড়িবহর বনানী মাঠের কাছে পুলিশ আটকে দেয়।
হারুন হাবীব প্রথম আলোকে বলেন, ফোরামের তিন সদস্যের প্রতিনিধিদল পুলিশের সহায়তায় একটি গাড়িতে করে হাইকমিশনে যায়। দূতাবাসের দ্বিতীয় সচিব পদমর্যাদার একজন প্রতিবাদলিপি গ্রহণ করেন।
প্রতিবাদলিপিতে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যা ও পাকিস্তানি বাহিনীর হাতে মানবতাবিরোধী অপরাধকে অস্বীকার করায় পাকিস্তান সরকারের প্রতি নিন্দা জানানো হয়।