পাকিস্তানই ত্রিদেশীয় চুক্তির শর্ত ভঙ্গ করেছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর নিয়ে ১৯৭৪ সালের যে ত্রিদেশীয় চুক্তি লঙ্ঘনের কথা পাকিস্তান বলছে, সেই চুক্তির শর্ত তারাই ভঙ্গ করেছে। মন্ত্রী ওই চুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
আইন মন্ত্রণালয়ের বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী গতকাল শনিবার সাংবাদিকদের এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) রাজধানীর ধানমন্ডিতে নিজেদের মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, চুক্তিতে ছিল, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেবে পাকিস্তান। ওই চুক্তি তারা নিজেরাই লঙ্ঘন করেছে। আইন বলে, কোনো পক্ষ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে, তবে তা বাতিল হয়ে যায়।
একাত্তরে মুক্তিযুদ্ধ শেষে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দী সেনা কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা সংঘটনের তথ্যপ্রমাণ সংগ্রহ করে বাংলাদেশ। তবে ১৯৭৪ সালের ৯ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্বাক্ষরিত একটি ত্রিপক্ষীয় চুক্তির পরিপ্রেক্ষিতে ওই ১৯৫ যুদ্ধবন্দীকে ফেরত দেয় বাংলাদেশ। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ওই ত্রিদেশীয় চুক্তি সই করেছিল।
মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তান জাতিসংঘে যাওয়ার যে ঘোষণা দিয়েছে, তাতে বাংলাদেশের অবস্থান একই রকম থাকবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের অবস্থান এখন যা আছে, তা-ই থাকবে। এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা অভ্যন্তরীণ আইনে বিচার ও দণ্ড কার্যকর করছি। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের কথা বলা উচিত না। তাদের মুখ বন্ধ রাখাই শ্রেয়। তারা যদি সেই ম্যাচিউরিটি না দেখাতে পারে, তাহলে পরে বিশ্ব তাদের নিন্দা করবে। এটাই আমার বিশ্বাস।’
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ গত শুক্রবার দেশটির পার্লামেন্টে বলেন, বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও অন্যান্য দেশের কাছে তুলে ধরবে পাকিস্তান। এভাবে মৃত্যুদণ্ড কার্যকর মানবাধিকার লঙ্ঘন এবং ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির লঙ্ঘন।
আয় বেশি, বরাদ্দ কম: ‘বাজেটারি অ্যালোকেশন ফর ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স’ শীর্ষক গতকালের আলোচনা সভায় আইনবিদেরা বলেছেন, রাজস্ব আয়ের দিক থেকে আইন মন্ত্রণালয় প্রথম সারির মন্ত্রণালয়। অথচ বাজেট বরাদ্দে তার কোনো প্রতিফলন দেখা যায় না। তাঁরা আইন মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মুস্তাকিমুর রহমান। তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত আইন মন্ত্রণালয় ২ হাজার ২৩৯ কোটি ২২ লাখ টাকা রাজস্ব আয় করেছে। অথচ একই বছরে তাদের জন্য বরাদ্দ ছিল ১ হাজার ৪২ কোটি টাকা।
অবশ্য আইন মন্ত্রণালয় অনেক সময় তাদের বরাদ্দ করা অর্থ খরচ করতে পারে না বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ।
আইনবিদ শাহ্দীন মালিক বলেন, সরকার মগবাজার-মালিবাগ ফ্লাইওভার আধা কিলোমিটার বাড়ানোর জন্য ৪৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দ আইন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন বাজেটের চেয়েও বেশি।
সারা দেশে বিচারক ও আদালতগুলোর অবকাঠামোগত দুর্বলতার কথা স্বীকার করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, সরকার এসব সমস্যা ও মামলাজট দূর করতে কাজ করে যাচ্ছে। এ ছাড়া বাজেট বরাদ্দ বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিলিয়ার চেয়ারম্যান এম আমীর-উল ইসলাম। তিনি বলেন, দেশে বিচারক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয়গুলোতে আইন অনুষদের ঘাটতি রয়েছে। আইন মন্ত্রণালয়কে বিশ্ববিদ্যালয়, অনুষদ, বিচারক ও আইনজীবী তৈরির উদ্যোগ নিতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া আমীর, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।