পাকিস্তানকে কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধের রায়ে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেওয়ার ঘটনায় দেশটির হাইকমিশনারকে তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার দুপুরে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তাঁর কাছে প্রতিবাদপত্র তুলে দেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মিজানুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ সোমবার দুপুরে হাজির হন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে হাইকমিশনারকে বলা হয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিচার নিয়ে মন্তব্য করা নাক গলানোর শামিল। এটা দুঃখজনক। বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত স্থায়ী ওই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র হাইকমিশনারকে দেওয়া হয়।
পাকিস্তানের হাইকমিশনারকে তলবের পর প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আমরা অত্যন্ত হতাশ। আগেরবারও ভেবেছি, বিচারের রায় নিয়ে তারা কোনো মন্তব্য করবে না। এবারও ভেবেছিলাম, তারা কোনো মন্তব্য করবে না। কিন্তু লক্ষ করলাম, একমাত্র তারাই বিচারের রায় নিয়ে মন্তব্য করল। অন্য কোনো দেশ এ নিয়ে মন্তব্য করেনি।’
সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করার পর গতকাল রোববার এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ওই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মুজাহিদের দুর্ভাগ্যজনক মৃত্যুদণ্ডের ঘটনা লক্ষ করেছি। ঘটনায় আমরা গভীরভাবে অসন্তুষ্ট।’ এতে বলা হয়, ‘বাংলাদেশে ১৯৭১-এর ঘটনাবলি (মহান মুক্তিযুদ্ধ) নিয়ে ত্রুটিপূর্ণ বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে প্রতিক্রিয়া আমরা লক্ষ করছি, তা আগের মতো আবার গুরুত্ব দিচ্ছি।’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান গতকাল বলেন, ১৯৭১ সালে কেউ পাকিস্তানের পক্ষে কাজ করলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বন্ধ করার এখনই উপযুক্ত সময়। এক বিবৃতিতে তিনি এ কথা বলেন বলে জানায় পাকিস্তানের জিয়ো টেলিভিশন। মুজাহিদের মৃত্যুদণ্ডে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান জামায়াত-ই-ইসলামির সিরাজুল হক বলেন, পাকিস্তানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করার কারণেই মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: