ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে বিতর্ককে কেন্দ্র করে পাকিস্তানকে টেনে প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন, তা কেবল অনভিপ্রেতই নয়, অবাঞ্ছিতও বটে।’ তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করাটাই বালখিল্যতা।
গতকাল শুক্রবার বিকেলে সেগুনবাগিচার স্বাধীনতা হলে অনুষ্ঠিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর কর্মী সমাবেশে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
মেনন বলেন, ষোড়শ সংশোধনীর রায়ে সংসদ ও সাংসদের কার্যকারিতা নিয়ে চরম অন্যায় মন্তব্য করা হয়েছে। রাষ্ট্রের তিনটি বিভাগ বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। সংসদই সংবিধানের প্রণেতা। সংসদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা সংবিধানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার শামিল। সংসদকে হেয় করলে বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাবোধও লোপ পাবে। বিজ্ঞপ্তি