পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্র বললেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পাওনার বিষয়টি স্বীকার না করায় পাকিস্তানকে দুর্বৃত্ত দেশ হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার জাতীয় সংসদে ফজিলাতুন্নেসা ইন্দিরার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, পাকিস্তানের কাছে বাংলাদেশের যে হিসাব ও পাওনা রয়েছে, সেটা তারা স্বীকারই করে না। বাংলাদেশের সম্পদ ফিরিয়ে দিতে যে মানসিকতার প্রয়োজন, সেই অবস্থা ওই দুর্বৃত্ত দেশের নেই। অনেক সম্পদ দুই দেশের মধ্যে ভাগ হওয়ার কথা ছিল। আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। যাদের সঙ্গে আমরা ২৩ বছর বসবাস করেছি, তারা আমাদের সঙ্গে পৈশাচিক ব্যবহার করেছে। কোনো মানবিক ভদ্রতা তাদের ছিল না।
পাকিস্তানের সঙ্গে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপন হওয়ার সময়ে বাংলাদেশের প্রাপ্য সম্পদের হিসাবের ব্যাপারে কাজ শুরু হয় বলে অর্থমন্ত্রী জানান। তিনি বলেন, দাবিটি বঙ্গবন্ধু তাদের সামনে জোরালোভাবে উপস্থাপন করেছিলেন। কিন্তু ভুট্টো সাহেব এ ব্যাপারে কোনো জবাব দেননি। তিনি এ ব্যাপারে আলোচনা করতে সম্মত হননি। পরে অবশ্য আলোচনা কিছুটা হয়।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দাবি আমলে না নেওয়াটা পাকিস্তানের চরিত্র। এদের কাছ থেকে অর্থ আদায়ে আমরা সব সময় চেষ্টা করি। তাদের সঙ্গে দেখা হলেই বিষয়টি উত্থাপন করা হয়। তবে মনে রাখতে হবে, সব সরকারের সময় দাবি উত্থাপন করা হয়নি। যে কারণে বিষয়টি আলোচনা থেকে হারিয়ে যায়। আমরা সেটিকে আবার ফিরিয়ে এনেছি।’