‘পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’
একাত্তরে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করায় পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবার বিভিন্ন সংগঠনের মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
সকালে ‘গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’র উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে একটি মানববন্ধন হয়। এতে সংগঠনের সভাপতি আইনজীবী রওমান স্মিতা বলেন, ‘একাত্তরে পাকিস্তানি বাহিনী এবং তাদের স্থানীয় সহযোগীরা নতুন এই দেশকে পঙ্গু করে দিতে বাঙালি বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যা করে। আমরা এই কালো ইতিহাসের নিন্দা জানাই। পাকিস্তানিকে এর জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।’
কর্মসূচিতে সংগঠনের সহসভাপতি আহসানুল আলম, যুগ্ম সম্পাদক সোলায়মান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার প্রমুখ অংশ নেন।
একই সময় জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ বৃদ্ধিজীবী স্মৃতি সংসদ মানববন্ধন করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সংগঠনটির আহ্বায়ক মোবারক হোসেন শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা ও সংখ্যা দ্রুত প্রকাশ করার দাবি জানান।
এ ছাড়া বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরামও (বিএসএএফ) মানববন্ধন করে। সংগঠনটির প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ বলেন, ‘বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে পিছিয়ে দেওয়া হয়েছে। বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি রুখতে আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই বুদ্ধিজীবীদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে।’ এই কর্মসূচিতে বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, লোকশক্তি পার্টির সভাপতি সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।