১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা দেওয়ার জন্য মার্কিন আইন ভেঙেছিল নিক্সন প্রশাসন। নৈতিক কারণে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের পক্ষ নেওয়ায় ভারতীয় সীমান্তে সেনা সমাবেশ ঘটানোর জন্য চীনকেও উৎসাহিত করেছিল নিক্সন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির ইতিহাসবিদ গ্যারি ব্যাসের লেখা নতুন একটি বইতে এর উল্লেখ রয়েছে।
দ্য ব্লাড টেলিগ্রাম: নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড আ ফরগটেন জেনোসাইড নামের ওই বইতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার কীভাবে পাকিস্তানের স্বৈরশাসককে সহায়তা দিয়েছিলেন, তার বিবরণ তুলে ধরা হয়েছে। হোয়াইট হাউসের কিছু অপ্রকাশিত নথির ওপর ভিত্তি করে লেখা ব্যাসের এই বইতে স্নায়ুযুদ্ধের পরিপ্রেক্ষিত থাকলেও ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে নিক্সন-কিসিঞ্জারের ব্যক্তিগত ঘৃণারও বহিঃপ্রকাশ ঘটেছে। ৫০০ পৃষ্ঠার বইটি আগামী ২৪ সেপ্টেম্বর বাজারে আসার কথা।
বইতে গ্যারি ব্যাস লিখেছেন, পাকিস্তানের সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাংলাদেশের নিরপরাধ মানুষকে রক্ষার সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তবে নিক্সন প্রশাসন গোপনে ভারত-সীমান্তে সেনা সমাবেশ ঘটাতে চীনকে উৎসাহিত করেছিল। অবৈধভাবে পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে অস্ত্র সরবরাহ করেছিল। কোনো কর্মকর্তা এর প্রতিবাদ করলে তাঁকে বাদ দেওয়া হতো।
বইতে ভারতের বিরুদ্ধে কিসিঞ্জারের প্রস্তাবিত তিনটি ‘বিপজ্জনক’ পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। পদক্ষেপগুলো হচ্ছে পাকিস্তানে মার্কিন বিমানের কয়েকটি স্কোয়াড্রন পাঠানোর জন্য ইরান ও জর্ডানকে অবৈধভাবে অনুমতি দেওয়া, চীনকে গোপনে ভারতের সীমান্তে সেনা মোতায়েনে উৎসাহিত করা এবং ভারতকে ভীতসন্ত্রস্ত করার জন্য বঙ্গোপসাগরে বিমানবাহী রণতরী পাঠানো।
ব্যাস আরও লিখেছেন, ভারত সীমান্তে সেনা মোতায়েনে চীনের অনীহা ছিল। এর পরিপ্রেক্ষিতে নিক্সন যুক্তি দেখান, ‘চীনের সহায়তা ছাড়া আমরা ভারতকে ভয় দেখাতে পারব না।’ পরে নিক্সনের গোপন পরিকল্পনা সম্পর্কে চীনকে অবহিত করার ব্যাপারে কিসিঞ্জার সম্মত হন এবং ভারত সীমান্তে সেনা সমাবেশ ঘটালে বেইজিং লাভবান হবে—এটা চীনকে বোঝান।
গ্যারি ব্যাস লিখেছেন, পাকিস্তানে গোপনে সামরিক সরঞ্জাম পাঠানোর ব্যাপারে কিসিঞ্জার নিক্সনকে বলেন, ‘আইনকে পাশ কাটিয়ে নিজেদের জনমত ও আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা কার্যক্রম পরিচালনা করছি।’ ব্যাস এ-ও লিখেছেন, ‘পাকিস্তানকে সহায়তা করার জন্য নিক্সন ও কিসিঞ্জার জেনেশুনেই মার্কিন আইন ভঙ্গ করেছিলেন। এ বিষয়ে জর্জ এইচ ডব্লিউ বুশ, এইচ আর হ্যাল্ডম্যান, আলেক্সান্ডার হেইগ ও অন্যরাও সচেতন ছিলেন।’ পিটিআই ও জিনিউজ।