নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) নির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো বাংলাদেশ সংস্থাটির শীর্ষ পদে নির্বাচিত হলো। পাকিস্তানের রাষ্ট্রদূত ইফফাত ইমরান গারদেজিকে হারিয়ে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওপিসিডব্লিউতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শেখ মোহাম্মদ বেলাল ২০১৭-১৮ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৭ সালে যাত্রার পর শেখ মোহাম্মদ বেলাল হবেন সংস্থার ২০তম চেয়ারপারসন। পাঁচ বছর পরপর এশিয়া গ্রুপ এই গুরুত্বপূর্ণ পর্ষদের চেয়ারপারসন হওয়ার সুযোগ পেয়ে আসছে এবং এ পর্যন্ত এশিয়া গ্রুপ থেকে চারবার এ দায়িত্ব পালন করা হয়েছে। দুবার ভারত এবং একবার করে শ্রীলঙ্কা ও ফিলিপাইন চেয়ারপারসন নির্বাচিত হয়।
রাসায়নিক অস্ত্রবিস্তার প্রতিরোধে অবদানের জন্য সংস্থাটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ৪১ সদসে্যর ওপিসিডব্লিউর নির্বাহী পরিষদ তাদের মঙ্গল ও বুধবারের নির্বাহী বৈঠকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সংস্থার চেয়ারপারসন পদে নির্বাচিত করে। সোমবার সংস্থার ৫৩ সদস্যবিশিষ্ট এশিয়া গ্রুপ শেখ মুহম্মদ বেলালকে অনানুষ্ঠানিক ভোটের মাধ্যমে নির্বাহী পর্ষদের পরবর্তী চেয়ারপারসন পদে মনোনীত করে। এর ফলে বাংলাদেশের রাষ্ট্রদূত বেলাল সহজেই তাঁর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের রাষ্ট্রদূতের বিপরীতে সমর্থন লাভ করেন।