পাকিস্তানপ্রেমীদের রুখে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলায় সাম্প্রদায়িক হামলার শিকার ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু এলাকা পরিদর্শন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটির একটি দল। গতকাল শুক্রবার নির্বাচনী সহিংসতার শিকার মনিরামপুরের হাজরাইল গ্রামের ঋষিপাড়া পরিদর্শন শেষে মন্দির মাঠে এবং অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত সমাবেশ করে ঘাতক দালাল নির্মূল কমিটি।
ওই সমাবেশে কমিটির কার্যকরী সভাপতি শাহরিয়ার কবির বলেন, ধর্ম চর্চা, চাকরি, ব্যবসাসহ সব ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। এ জন্য সংখ্যালঘুদের জন্য সাম্প্রদায়িকতাবিরোধী আইন করে পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।
শাহরিয়ার কবির আরও বলেন, ‘বাংলাদেশে রাজনীতি করব আর পাকিস্তানের সংবিধান মেনে চলব। এটি হতে পারে না।’ পাকিস্তানপ্রেমীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এদিকে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত এবং সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের দ্রুত বিচারের দাবিতে গতকাল বিকেলে যশোর শহরের টাউন হল মাঠে একটি মতবিনিময় সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর শাখার সভাপতি হারুন-অর-রশীদ। বক্তৃতা করেন কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ, শহীদ চিকিৎসক আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী, গণজাগরণ মঞ্চ যশোরের আহ্বায়ক কাজী আবদুস শহীদ, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।