পাকিস্তানি জঙ্গিরা পালিয়ে বাংলাদেশে আসতে পারে বলে শেখ হাসিনার শঙ্কা
পাকিস্তানে সন্ত্রাসবাদবিরোধী অভিযানের ফলে সেখান থেকে অনেক জঙ্গি বাংলাদেশে আসতে পারে বলে উদ্বেগ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালের অক্টোবরে ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের কাছে তিনি এ উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে উইকিলিকসের ফাঁস করা কূটনৈতিক তারবার্তায় বলা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২০০৯ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পর ৬ অক্টোবর এই সফর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয় তাঁর। এ নিয়ে পরদিন ৭ অক্টোবর ওয়াশিংটনে একটি তারবার্তা পাঠান রাষ্ট্রদূত।মার্কিন রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী জানান, নিউইয়র্কে তাঁর সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ফলপ্রসূ আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে প্রেসিডেন্ট জারদারিকে তাঁর আন্তরিক বলে মনে হয়েছে। তবে শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেন, পাকিস্তান থেকে বিতাড়িত সন্ত্রাসীদের অনেকেই বাংলাদেশে এসে আশ্রয় নিতে পারে।নিজের জীবনের ওপর ইতিমধ্যে চালানো হামলার দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা এ সময় বলেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে তিনি অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে অনড় অবস্থানের জন্য হত্যাকাণ্ডের শিকার হতে পারেন তিনি। তবে এর পরও পিছপা হবেন না, লড়াই চালিয়ে যাবেন।দূতাবাসের তারবার্তায় উল্লেখ করা হয়, নিজের ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য দলের সাংসদদের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সম্প্রতি সংসদে জোরালো বক্তব্য দেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। কিন্তু শুধু বক্তব্য কিছু সাংসদকে এ থেকে বিরত রাখতে পারেনি বলে তারবার্তায় মন্তব্য করা হয়। এতে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে এবং সুশাসনের পক্ষে যত দিন প্রয়োজন হবে, তত দিন কথা বলে যাবে যুক্তরাষ্ট্র।রাষ্ট্রদূত বৈঠকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও মার্কিন এবং অন্যান্য দেশের শিপিং কোম্পানিকে চট্টগ্রাম বন্দরে হয়রানির শিকার হতে হচ্ছে। এ কথা শোনার পর অবাক হন শেখ হাসিনা। তিনি আবারও বলেন, বিদেশি মালিকানার অনুপাত যা-ই হোক না কেন, সব শিপিং কোম্পানি যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে, সে জন্য বন্দর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি দেখা হবে বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।তারবার্তায় মন্তব্য করা হয়, বিদেশি শিপিং কোম্পানির এই হয়রানি দূর করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেও আমলাতন্ত্র তা উপেক্ষা করেছে। কায়েমি স্বার্থের বিপরীতে গিয়ে নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীকে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এ ঘটনায় তা-ই পরিষ্কার হয়েছে।