পাকিস্তানি জামায়াতের তীব্র নিন্দা
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের রায়ের তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামি পাকিস্তান। গতকাল বুধবার পাকিস্তান জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই রায়ের নিন্দা জানান সংগঠনটির আমির সিরাজুল হক এবং সেক্রেটারি জেনারেল লিয়াকত বালুচ।
বিবৃতিতে নিন্দা জানানোর পাশাপাশি দণ্ডাদেশ দেওয়া আদালতকে ‘তথাকথিত’, ‘মেকি’ বলে আখ্যায়িত করে বলা হয়, আদালত ‘সম্পূর্ণ নির্দোষ এক ব্যক্তিকে’ ফাঁসির আদেশ দিয়েছেন। এ ধরনের কার্যকলাপ চালিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাঁর ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারবেন না।
জামায়াতে ইসলামি পাকিস্তানের আমির বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে যেসব দেশপ্রেমিক পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন, তাঁদের একের পর সাজা হলেও পাকিস্তানি সরকার এক ধরনের নীরবতা পালন করছে। অথচ এসব মামলার বিরুদ্ধে পাকিস্তান সরকারের সোচ্চার হওয়া উচিত ছিল। বিজ্ঞপ্তি।