‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা
পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান
বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, পাকিস্তান নতুন করে প্রমাণ করেছে, তারা শুধু মুক্তিযুদ্ধের শত্রু নয়, তারা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের শত্রু। আলোচকেরা বাংলাদেশে পাকিস্তানের পণ্য বর্জন করার আহ্বান জানিয়েছেন।
গতকাল রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) মুক্তিযুদ্ধে শহীদ ১৩ জন বিশিষ্ট সাংবাদিককে নিয়ে লেখা বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা আরও বলেছেন, একাত্তরের অপরাধের জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে—এমন প্রস্তাব জাতীয় সংসদে পাস করে তা পাকিস্তান সংসদকে জানিয়ে দিতে হবে।
পিআইবি বইটি প্রকাশ করেছে। শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, খোন্দকার আবু তালেব, নিজামুদ্দীন আহমদ, এস এ মান্নান (লাডু ভাই), আ ন ম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, এ কে এম শহীদুল্লাহ (শহীদ সাবের), আবুল বাশার, শিবসাধন চক্রবর্তী, চিশতী শাহ হেলালুর রহমান, মুহম্মদ আখতার হোসেন ও সেলিনা পারভীনের জীবন-কর্ম নিয়ে বইটি লেখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একাত্তরে সাংবাদিকদের হত্যার ঘটনা তুলে ধরে বলেন, এটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। আজ সেই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি বলেন, মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়া ও জামায়াত-বিএনপি চক্রের বিচার করতে হবে। নির্বাচনে অংশগ্রহণের নামে, গণতন্ত্রের দোহাই দিয়ে আগুন সন্ত্রাসীদের মাপ করা যাবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, পাকিস্তান নতুন করে প্রমাণ করেছে তারা শুধু মুক্তিযুদ্ধের শত্রু নয়, তারা আজ স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের শত্রু। সভাপতির বক্তব্যে পিআইবির চেয়ারম্যান ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, পাকিস্তানি পণ্য বর্জন করতে হবে।
একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, একাত্তরের জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে—এমন একটি প্রস্তাব জাতীয় সংসদের আগামী অধিবেশনে পাস করে সেটি পাকিস্তানের সংসদকে জানিয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, সকালের খবর সম্পাদক মোজাম্মেল হোসেন, শহীদ সাংবাদিক শহীদুল্লা কায়সারের মেয়ে শমী কায়সার, শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূর, শহীদ সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফার কন্যা ঊর্মি মোস্তফা, এস এ মান্নানের ভাই এম এ আব্বাস প্রমুখ বক্তব্য দেন।