
পাকিস্তানি পণ্য বর্জনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। এ লক্ষ্যে আজ শনিবার থেকে সাত দিন সারা দেশে প্রচার চালাবে তারা। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে তারা।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে এসব কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল। বৃহস্পতিবার গুলশানে মঞ্চের মিছিলে লাঠিপেটা ও নির্যাতন চালানোর জন্য দায়ী পুলিশদের শাস্তি দিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছে মঞ্চ। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আগামী শুক্রবার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সমাবেশে মারুফ রসুল বলেন, জামায়াত যে ভাষায় কথা বলে, সেদিন পুলিশও সে ভাষায় কথা বলেছে। তার মানে পুলিশেও তাদের লোক রয়েছে। তবে তাদের নির্যাতনের জবাব গণজাগরণ মঞ্চ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েই দেবে।
মারুফ রসুল বলেন, ‘আমরা অহিংস আন্দোলন করছি, তার মানে এই নয় যে আমরা দুর্বল। জয় বাংলাই আমাদের শক্তি। মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের ঐশ্বর্য।’
শিক্ষাবিদ জাফর ইকবাল বলেন, ‘সারা দেশে জামায়াত-শিবির গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। কিন্তু দেশের পুলিশ তাদের গায়ে হাত দিতে পারে এটা ভাবতেও পারিনি।’ হামলাকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমরা কীভাবে এই জঘন্য কাজ করলে? মুক্তিযোদ্ধার গায়ে যে পা দিয়েছ সেই পা নিয়ে দেশের কোথায় যাবে। গায়ে হাত দিয়েছ, সেই হাত থাকবে না।’
পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুমি নাক গলাচ্ছ, তুমি কি জানো না ১৯৭১ সালে তোমার নাক কেটে দেওয়া হয়েছিল। আমাদের ব্যাপারে নাক গলানোর চেষ্টা কোরো না, কারণ তোমাদের নাক বলতে কিছু নেই।’
পুলিশের হামলার নিন্দা জানিয়ে খুশী কবির বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এই হামলা করতে পারে না। তার মানে আমাদের মধ্যে এখনো পাকিস্তানের দূত আছে।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বলেন, আগ্রাসী রাষ্ট্র হিসেবে যদি ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক না থাকতে পারে তবে জঙ্গি রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গেও কোনো সম্পর্ক থাকতে পারে না।
গত বৃহস্পতিবার বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত গণজাগরণ মঞ্চের ঢাকায় পাকিস্তান হাইকমিশন অভিমুখে মিছিলে পুলিশ লাঠিপেটা ও নির্যাতন চালায়। পুলিশের লাঠিপেটায় আহত হন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ২০-২৫ জন।