পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞ করেও দুঃখ প্রকাশ করেনি: শাহরিয়ার কবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের উদ্যোগে মঙ্গলবার কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস মিলনায়তনে আয়োজন করা হয় ‘দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের সমস্যা’ শীর্ষক এক আলোচনা সভার। হাঙ্গার ফ্রি ওয়েস্ট বেঙ্গল ক্যাম্পেইন ও পদক্ষেপ পত্রিকার সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করে ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টার। 

আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সংখ্যালঘুদের নানা সমস্যার কথা তুলে ধরেন বিভিন্ন বক্তা। এই সেমিনারে অংশ গ্রহণ করেন বাংলাদেশের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও সাংবাদিক শাহরিয়ার কবির, কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়, ইন্দো-ভিয়েতনাম সলিডারিটি কমিটির সভাপতি গীতেশ শর্মা, ত্রিপুরার রাজমাতা বিভূকুমারী দেবী এবং আলোচনা সভার সভাপতি অধ্যাপক সৈয়দ তানভির নাসরিন প্রমুখ।
শাহরিয়ার কবির বলেন, পাঞ্জাবের জালিওয়ানাবাগে ব্রিটিশ বাহিনীর হত্যাযজ্ঞের পর ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞ করেও আজ অবধি দুঃখ প্রকাশ করেনি। তিনি বলেন, যেভাবে আজ দেশে দেশে মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে তাতে এর বিরুদ্ধে এখন সব মানুষকে আরও সরব হতে হবে। মোকাবিলা করতে হবে মৌলবাদকে। রুখে দাঁড়াতে হবে মৌলবাদের বিরুদ্ধে।
আলোচনা সভায় সমরেশ বন্দ্যোপাধ্যায় বলেন, সব দেশেই সংখ্যালঘু আছে। তবে সংখ্যালঘুর সংজ্ঞা একটু পাল্টানো দরকার। তাঁর মতে, মেয়েরাও সংখ্যালঘু। রাজমাতা বিভূকুমারী দেবী বলেন, আমি ফাঁসির বিরুদ্ধে থাকলেও, বাংলাদেশের রাজাকারদের দেওয়া ফাঁসির পক্ষেই রয়েছি।
অধ্যাপক সৈয়দ তানভির নাসরিন বলেন, যেকোনো হত্যাকাণ্ডই মানবতার শত্রু। যেকোনো সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। এ জন্য সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে শাহরিয়ার কবিরের সাম্প্রতিক কালের তথ্য চিত্র ‘জার্নি টু জাস্টিস’ প্রদর্শন করা হয়। একাত্তরের বাংলাদেশের গণহত্যার নানা চিত্রও তুলে ধরা হয় এই তথ্যচিত্রে।