নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সর্বস্তরের জনতার বিজয়োল্লাস। মুহুর্মুহু করতালিতে গোটা সোহরাওয়ার্দী উদ্যানে ছড়িয়ে পড়েছে বিজয়ের আনন্দ। কারণ পরাজিত, ভীতসন্ত্রস্ত পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা মাথা নত করে নিঃশর্ত আত্মসমর্পণ করেছে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও জনতার এই বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে।আজ থেকে ৩৯ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দান অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের সেই ঐতিহাসিক মুহূর্তটি গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা এভাবেই ফিরিয়ে এনেছিলেন। এই বিজয়ের দৃশ্য দেখতে গতকাল বিকেলে হাজারও জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। আগত জনতার দাবি ছিল, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার।বিজয় দিবসে সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে ‘পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ ও মহান বিজয় দিবস উদ্যাপন’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ, সি আর দত্ত, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ছাড়াও মিত্রবাহিনীর কয়েকজন ভারতীয় যোদ্ধাও উপস্থিত ছিলেন।পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যটি যখন নাটকের মধ্যে মঞ্চায়ন করা হয়, তখন শত শত জনতার করতালি ও হর্ষধ্বনিতে গোটা সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হয়ে ওঠে। এরই মধ্যে সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার নতুন প্রজন্মের ১০ জনের হাতে দেশের জাতীয় পতাকা তুলে দেন।এ কে খন্দকার বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকেই এই জাতীয় পতাকার সম্মান ধরে রাখতে হবে। এই জাতীয় পতাকা, দেশ, মুক্তিযুদ্ধের চেতনা এবং মহান স্বাধীনতা যাঁরা এনেছেন, তাঁদের সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। এখন সময় এসেছে; এই দায়িত্ব এখন তাঁদেরই নিতে হবে। কে এম সফিউল্লাহ বলেন, সবচেয়ে শক্তিশালী যারা, তাদেরই পতাকার ভার নিতে হয়। তরুণ প্রজন্মই এখন শক্তিশালী। তাই ওদেরই দিতে হবে এখন জাতীয় পতাকা ও পতাকার মান ধরে রাখার দায়িত্ব। নাট্যব্যক্তিত্ব ম. হামিদের পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জাগরণ সাংস্কৃতিক চর্চা ও গবেষণা কেন্দ্র। অনুষ্ঠানে রং-বেরঙের বেলুন, জাতীয় পতাকা বহনকারী ফানুস ওড়ানো হয় এবং দেশাত্মবোধক গান ছাড়াও নৃত্য পরিবেশন উপস্থিত সবাইকে মুগ্ধ করে।