পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ কর্মকর্তার বিচার দাবি করেছে জামায়াত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাদের বিচার না করে পাকিস্তান সেনাবাহিনীর অভিযুক্ত ১৯৫ জন সেনা-কর্মকর্তাকে এনে বিচারের দাবি জানিয়েছে জামায়াত। যে আইনে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া চলছে, সে আইনে এ দেশের কোনো নাগরিকের বিচার করা অবৈধ বলেও দলটি দাবি করেছে।জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও সাংসদ হামিদুর রহমান আযাদ এই দাবি দুটি জানিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের শীর্ষস্থানীয় পাঁচ নেতার মুক্তিসহ বিভিন্ন দাবিতে গতকাল শুক্রবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে আয়োজিত সমাবেশে তাঁরা এ দাবি জানান। সমাবেশের আয়োজন করে রমনা থানা জামায়াত।মকবুল আহমাদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হলে পাকিস্তানি সেনাবাহিনীর চিহ্নিত ১৯৫ জন সেনা-কর্মকর্তাকে এনে বিচার করুন। কেন তাদের মাফ করে দিলেন?’উল্লেখ্য, মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ জন সেনা-কর্মকর্তাকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে সরকার তাঁদের বিচারের উদ্যোগ নেয়। তাঁদের বিচারে জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পাস করে। আর এ দেশের দোসরদের বিচার করা হচ্ছিল দালাল আইনে। পরে বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করে অনেককে ক্ষমা করে দেন। তবে তিনি দালাল আইনে সুনির্দিষ্ট অভিযোগে আটক কাউকে ক্ষমা করেননি। যাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, হত্যা, লুটপাটের অভিযোগ ছিল না, তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। বাকি ১১ হাজারেরও বেশি অভিযুক্তকে দালাল আইনে বিচার-প্রক্রিয়া চলছিল। পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে দালাল আইন তুলে দিয়ে তাদের ছেড়ে দেন।মকবুল আহমাদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার করলে এখন পত্রিকায় যাদের ছবি আসছে, তাদের বিচার করুন। তাদের বিচার করা তো সহজ। ...কিন্তু আপনারা মানবতাবিরোধীদের বিচার করতে হাড্ডি-মাথা নিয়ে আসছেন। নিজামী (মতিউর রহমান নিজামী), মুজাহিদ (আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ), মোল্লা (আবদুল কাদের মোল্লা) যে তাদের মেরেছেন, এটার প্রমাণ হলো এতে? এসব কল্পকাহিনি দিয়ে উপন্যাস হয়, মানবতাবিরোধী অপরাধের বিচার হয় না। হাড্ডির কি চোখ আছে? তারা কি আসামি চেনে?’ রমনা থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মানসুরুল হক পাটোয়ারি সমাবেশে সভাপতিত্ব করেন।