পাকিস্তানিসহ পাঁচ আসামির জামিন বাতিল
পাকিস্তানি নাগরিকসহ পাঁচ আসামির জামিন বাতিল করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত এই নির্দেশ দেন।
চট্টগ্রামে ডেটোনেটরসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। আসামিরা হলেন পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম ও আবদুল মজিদ, মো. কবির ওরফে আমিন, শেখ মোহাম্মদ সালামত উল্লাহ ও মো. শফিউল্লাহ। শেষের চারজন চট্টগ্রাম ও কক্সবাজারের বাসিন্দা।
গত ১৯ জানুয়ারি লালবাগ থানায় ডেটোনেটরসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই পাঁচ আসামিকে জামিনে মুক্তির আদেশ দেন। আইনজীবী ও একজন স্থানীয় জামিনদারের জিম্মায় ৩০ হাজার টাকার মুচলেকায় আদালত তাঁদের জামিন দেন। আদালত সূত্র জানায়, ডেটোনেটরসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় জামিনে থাকা পাকিস্তানি নাগরিকসহ পাঁচজন বিদেশে পালানোর পাঁয়তারা করেন। তাঁদের বিরুদ্ধে ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ততা রয়েছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। আদালত সূত্র জানান, জামিনে থাকা এই আসামিরা আদালতের অনুমতি না নিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে জামিনে থাকা পাকিস্তানিসহ পাঁচ আসামির বিদেশে পালানোর পাঁয়তারা শিরোনামে প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়। পরে আজ তাঁদের জামিন বাতিল করা হয়।
ওই মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা আরএসও, জিআরইউ ও ইসলামি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। গ্রেপ্তার হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠনের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকারোক্তি দেন। তাঁদের কাছ থেকে জব্দ করা ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য দিয়ে বোমা তৈরি করে নাশকতা ও জঙ্গি সংগঠনের কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলেও তাঁরা জানিয়েছিলেন।
গত ১ ডিসেম্বর ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্যসহ মিয়ানমারের চার নাগরিককে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই পাঁচজনকে আটক করা হয়েছিল।