পাকিস্তানে একটি পাচারকারী চক্রের হাতে ৫৩ জন বাংলাদেশি জিম্মি রয়েছেন। কোয়েটা ও ইরান সীমান্তের মাঝামাঝি একটি স্থানে তাঁদের আটক রাখা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের কাছ থেকে চক্রটি টাকা আদায় করছে। টাকা না দিলে জিম্মিদের নির্যাতন করা হচ্ছে।ওই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া যুবক আমিনুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তাদের কাছে এ তথ্য দিয়েছেন বলে পুলিশের কর্মকর্তারা জানান। পুলিশ পাচারকারী চক্রের ছয় সহযোগীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। আমিনুলকে গতকাল রোববার ডিবির কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তিনি বন্দিজীবনের দুর্দশার কথা জানান। মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাইনুল হাসান সাংবাদিকদের জানান, আমিনুলের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে ৯ থেকে ২০ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে পাচারকারীদের ছয় সহযোগী ইউনুস মিয়া, কামাল হোসেন, লিপু মোল্লা, শাহীন, মরিয়ম বেগম ও মান্নানকে গ্রেপ্তার করা হয়। তাঁরা পরস্পর আত্মীয়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের সহকারী কমিশনার মারুফাত হুসাইন। মাইনুল হাসান জানান, রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা আমিনুল ২০০৭ সালে চাকরি নিয়ে দুবাই যান। ২০০৯ সালে তিনি এক চক্রের খপ্পরে পড়ে আরও ছয়জনসহ ইউরোপ যাওয়ার জন্য ইরান সীমান্ত অতিক্রম করেন। দালালেরা তাঁদের জানায়, মাথাপিছু সাড়ে তিন লাখ টাকা করে দিলে তাঁদের নির্বিঘ্নে ইউরোপ পৌঁছে দেওয়া হবে। কিন্তু ইরানে প্রবেশের সময় সেখানকার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এরপর পাচারকারীরা তাঁদের কিনে পাকিস্তান সীমান্তে নিয়ে যায়। মুক্তি পাওয়া আমিনুল সাংবাদিকদের জানান, তুরস্কপ্রবাসী বাংলাদেশি রব ও সবুজ এবং পাকিস্তানপ্রবাসী কবির তাঁদের কেনেন। এরপর পাকিস্তানে আটকে রাখা হয়। পাচারকারী দলের সদস্যরা একপর্যায়ে তাঁদের জিম্মি করেন। তাঁদের বাড়ি থেকে টাকা পাঠানোর জন্য বলা হয়। টাকা না দিলে তাঁদের হত্যা করা হবে বলেও জানানো হয়। তিনি জানান, তাঁর মতো এমন ৫৩ জন বাংলাদেশি সেখানে আটক আছেন। তাঁদের পরিবারের সদস্যরা নিয়মিত অপহরণকারীদের নামে টাকা পাঠাচ্ছেন। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, অভিযোগ পাওয়ার পর ৭ মার্চ থেকে তাঁরা তদন্ত শুরু করেন। তাঁরা জানতে পারেন, পাচারকারীদের দাবি করা টাকা আমিনুলের স্ত্রী নীলুফার নাহার একটি কুরিয়ারের মাধ্যমে ঢাকায় ওসমান হায়দার নামের একজনের কাছে পাঠান। কিন্তু ওই টাকা জমা হয় কামাল নামের একজনের ব্যাংক হিসাবে। কামালের ব্যাংক হিসাব থেকে ওই টাকা তোলেন মরিয়ম ও ইউনুস। পুলিশ জানতে পারে, আমিনুলের পরিবার এভাবে চক্রটির হাতে মোট তিন লাখ ৭৯ হাজার ৫০০ টাকা তুলে দেয়। পুলিশ টাকা উত্তোলনকারীদের শনাক্ত করে একে একে তাঁদের ছয়জনকে গ্রেপ্তার করে। এরপর ফোন করে আমিনুলকে ছেড়ে দিতে বাধ্য করে। পরে জিম্মিকারীরা গত শনিবার আমিনুলকে পিআইএর একটি উড়োজাহাজে তুলে দেয়। আমিনুল জানান, জিম্মিকারীদের দলে বাংলাদেশি ও পাকিস্তানি রয়েছে। তারা ইরান-পাকিস্তান সীমান্তে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে। সেখানে লোকদের জিম্মি রেখে অর্থ আদায় করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের উপকমিশনার বলেন, এ দলের আরও কয়েকজন আছে, তাদের গ্রেপ্তার করা যায়নি।