পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি দিয়েছে তেহরিক-ই-তালেবান, এমন দাবি করেছে পাকিস্তানের দৈনিক ‘দ্য নেশন’। ছবি: সংগৃহীত
ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি দিয়েছে তেহরিক-ই-তালেবান, এমন দাবি করেছে পাকিস্তানের দৈনিক ‘দ্য নেশন’। ছবি: সংগৃহীত

বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হামলা চালানোর হুমকি দিয়েছে।
‘বিশ্বস্ত সূত্রের’ বরাত দিয়ে পাকিস্তানের নয়া ওয়াক্ত গ্রুপের ইংরেজি দৈনিক ‘দ্য ন্যাশন’ আজ বৃহস্পতিবার জানিয়েছে, গতকাল বুধবার তেহরিক-ই-তালেবানের এ হুমকির কথা জানা যায়।
পত্রিকাটি বলছে, পাকিস্তানে বাংলাদেশ মিশনের কার্যালয়ের আশপাশের নিরাপত্তা-ব্যবস্থা বহুগুণ বাড়ানো এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারির পরও পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী আশঙ্কা, বাংলাদেশ দূতাবাসে হামলা হতে পারে।
কিছু ‘নির্ভরযোগ্য সূত্রের’ বরাত দিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক প্রতিবেদনে জানিয়েছে যে, আবদুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানোর ঘটনায় তালেবান ক্ষুব্ধ হয়েছে। তালেবানের হুমকির পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন ‘অজ্ঞাত নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা’।
ইসলামাবাদের সবচেয়ে অভিজাত এলাকায় বাংলাদেশ দূতাবাসের অবস্থান বলে জানিয়েছে ‘দ্য ন্যাশন’।
আইনশৃঙ্খলা বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ‘দ্য ন্যাশন’কে বলেন, কেন্দ্রীয় রাজধানীতে বাংলাদেশসহ সব দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর জন্য বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘ক্রিসমাসের ছুটির দিনগুলোতে নিরাপত্তা নিশ্চিতের জন্য (দূতাবাসগুলোতে) কমান্ডো পুলিশ মোতায়েন করার পাশাপাশি টহল বাড়ানো হয়েছে।’