পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার তারিক আহসান দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসাইনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।
গতকাল শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারিক আহসান এ দিন পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় আইয়ান-ই-সদরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি প্রেসিডেন্টের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
মামনুন হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত হাইকমিশনার তাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও অর্জন সম্পর্কে মামনুন হোসাইনকে অবহিত করে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে পাকিস্তানের প্রেসিডেন্ট যেকোনো ধরনের মতভিন্নতা দূর করতে পারস্পরিক আলাপ-আলোচনার ওপর গুরুত্ব দেন। এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা প্রসারের জন্য আরও বেশি উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিজ্ঞপ্তি।