নেতৃত্ব দেবেন বাংলাদেশের হাইকমিশনার
পাকিস্তানে মন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানীতে দক্ষিণ এশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠকটি হবে। এর আগে আগামীকাল বুধবার স্বরাষ্ট্রসচিবদের বৈঠকেও অংশ নিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার তারিক আহসান গতকাল সোমবার বিকেলে ইসলামাবাদ থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা থাকবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে যাবেন না, সেটি গত শুক্রবার কাঠমান্ডুর সার্ক সচিবালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, দেশে ব্যস্ত সময়সূচিকে বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ না দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে।
তবে একাত্তরের মানবতাবিরোধী বিচার নিয়ে পাকিস্তান সরকারের বিবৃতির সূত্র ধরে বাংলাদেশ প্রতিবাদ জানালে দুই দেশের সম্পর্কে তিক্ততা দেখা দেয়। এর জের ধরে গত জানুয়ারিতে স্যানিটেশন বিষয়ে ঢাকায় মন্ত্রী পর্যায়ের আঞ্চলিক বৈঠকে যোগ দেওয়া থেকে বিরত থাকেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী জাহিদ হামিদ। ওই বৈঠকে পাকিস্তানের মন্ত্রীর নেতৃত্ব দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল দেশটি। পরে ঢাকায় পাকিস্তানের তখনকার হাইকমিশনার সুজা আলম বৈঠকে তাঁর দেশের নেতৃত্ব দেন।
এবারে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া আলোচ্যসূচিতে নারী-শিশু ও মাদক পাচারসহ আন্তসীমান্ত অপরাধ, সামুদ্রিক নিরাপত্তা ও দস্যুতা রোধের প্রসঙ্গগুলো রয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এবারের বৈঠকে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়টি নিয়ে সদস্য দেশগুলো বিস্তারিত আলোচনা করবে।
এদিকে ২৬ আগস্ট ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক অর্থমন্ত্রীদের বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের যোগ দেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়াকে উদ্ধৃত করে সে দেশের ডেইলি টাইমস পত্রিকা এ খবর জানিয়েছে।
আগামী ৯ ও ১০ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদ ও মারিতে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সার্ক শীর্ষ সম্মেলনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।