পাকিস্তানে মুসলিম লিগ (এন) সংখ্যাগরিষ্ঠ দল

পাকিস্তানে গতকাল শনিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লিগ বিপুল ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এখন পর্যন্ত পাকিস্তানের টেলিভিশন মারফত পাওয়া সংবাদে দেখা গেছে, পাকিস্তান মুসলিম লিগ (এন) ২৭২ আসনের জাতীয় পার্লামেন্টে ১০৭টি আসনে জয়লাভ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৭টি আসন। এখন নওয়াজ শরিফ দলের নেতাদের নিয়ে সরকার গঠন নিয়ে সভায় বসেছেন।সাড়ে ১৩ বছরের বেশি সময় আগে ১৯৯৯ সালের অক্টোবর মাসে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন নওয়াজ শরিফ। এরপর দীর্ঘদিন কারাবন্দী থেকেছেন। একসময় নির্বাসিত জীবনও কাটিয়েছেন। রাজনীতিতে ফিরে আর আসবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। অথচ গতকালের নির্বাচনে নওয়াজের নেতৃত্বাধীন মুসলিম লিগের বিপুল জয় বলে দিচ্ছে, ফিরে যেতে আসেননি নওয়াজ।
এখন পর্যন্ত ২৩৪টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ৩২, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ২৮, স্বতন্ত্র ২৫, মুত্তাহিদা কওমি মুভমেন্ট ১২ এবং অন্যান্য দল ২৩টি আসনে জয়লাভ করেছে। এখন পর্যন্ত ২৮টি আসনের ফল ঘোষণা বাকি। নওয়াজের মুসলিম লিগ যদি আর কোনো আসনে জয়লাভ না করে, তবে দলটি স্বতন্ত্র বা অন্য দলকে নিয়ে সরকার গঠন করতে পারবে।