পাকিস্তানে শিশুদের হত্যার প্রতিবাদে মানববন্ধন
পাকিস্তানে শিশু শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
গাইবান্ধা শহরের ডিবি সড়কে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন পালন করা হয়েছে। এতে শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধন চলাকালে জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম, গাইবান্ধা নাগরিক কমিটির সদস্যসচিব জিয়াউল হক, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ময়নুল কবির, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মিঠুন রায়, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ, কোষাধ্যক্ষ অন্তর রায়, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিপ্লব মহন্ত, সদস্য বাঁধন কর্মকার প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা পাকিস্তানি তালেবানদের এই বর্বরতাকে ধিক্কার জানিয়ে বলেন, মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার পর ১৩২ শিশু শিক্ষার্থীকে হত্যার ঘটনায় বিশ্ব বিবেক কেঁপে উঠেছে। এ জন্য পাকিস্তানের ধর্মান্ধ ও সাম্প্রদায়িক রাজনীতি দায়ী। যতক্ষণ পর্যন্ত পাকিস্তান অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত এসব মানবতাবিরোধী কর্মকাণ্ড চলতে থাকবে।