পাকিস্তানের অনীহায় আঞ্চলিক মোটরযান চুক্তি এবার হচ্ছে না
দক্ষিণ এশিয়ার জনগণ ও পণ্যের যাতায়াত অবাধ করার লক্ষ্যে প্রস্তাবিত মোটরযান চুক্তি শেষ পর্যন্ত চূড়ান্ত হলো না পাকিস্তানের অনীহায়। ফলে থিম্পুতে আগামী মাসে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে চুক্তিটি সই হচ্ছে না। দক্ষিণ এশিয়াকে একটি স্বতন্ত্র অর্থনৈতিক ইউনিয়ন গঠনের অন্যতম প্রধান ভিত্তি আঞ্চলিক যোগাযোগসুবিধা প্রতিষ্ঠার প্রয়াস এ কারণে বিলম্বিত হলো।কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে বিশেষজ্ঞদের বৈঠকে ভারতের দেওয়া সার্ক মোটরযান চুক্তির (মোটর ভেহিকেল এগ্রিমেন্ট—এমভিএ) খসড়া চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু পাকিস্তানি প্রতিনিধিরা বৈঠকে জানান, খসড়া চূড়ান্ত করার ব্যাপারে তাঁরা প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে আসেননি। ফলে থমকে যায় মোটরযান চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া। ২৮ ও ২৯ এপ্রিল ভুটানের রাজধানীতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে এটি সই হবে না বলে এর ভবিষ্যত্ আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কাঠমান্ডুর সার্ক সচিবালয়ে অনুষ্ঠিত বিশেষজ্ঞদের বৈঠকে সদস্য দেশের পররাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠক সূত্রে জানা গেছে, কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে চুক্তির ব্যাপারে পাকিস্তান তাদের অনাগ্রহ প্রকাশ করে। বরং আলোচনার সময় পাকিস্তানের প্রতিনিধিরা মত দেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কসহ সামগ্রিক পরিবেশ উন্নত না হলে এ ধরনের চুক্তি ফলপ্রসূ হবে না। ইউরোপীয় ইউনিয়নের ধরনে মোটরযান চুক্তির খসড়া তৈরি করে ভারত। সীমান্তে জটিলতা দূর করে এ অঞ্চলের মানুষ ও পণ্যের অবাধ যাতায়াত নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ে একটি অভিন্ন যোগাযোগ নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে চুক্তির খসড়ায়।২৩টি ধারাসংবলিত মোটরযান চুক্তির খসড়ায় যাত্রীবাহী ও পণ্যবাহী যান এবং ব্যক্তিগত বাহন চলাচল অবাধ করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ আছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে এক দেশের যানবাহন অন্য দেশে চলাচলের জন্য পারমিট থাকতে হবে। প্রতিবছর শেষে তা নবায়ন করতে হবে। নিয়মিত চলাচলকারী যানবাহনকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পারমিট দেওয়া হবে। আর তা দেবে সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সংস্থা। খসড়ায় বলা হয়েছে, সদস্য দেশগুলোর সম্মতিতে নির্ধারিত ইমিগ্রেশন চেকপোস্ট, স্থলবন্দর ও রুট ব্যবহার করে যানবাহনগুলো চলাচল করবে। এর ব্যতিক্রম হলে পারমিটের শর্ত লঙ্ঘন বলে বিবেচিত হবে। আবার এক দেশ থেকে অন্য দেশে অবাধে চলাচলের জন্য প্রতিটি যানবাহনকে সব ধরনের বৈধ কাগজপত্র কাছে রাখতে হবে। যাত্রীবাহী বাহনের ক্ষেত্রে জাতীয়তা উল্লেখ করে যাত্রীর নামের তালিকারও প্রয়োজন হবে। চালকদের এক বছরের জন্য একাধিকবার প্রবেশের (মাল্টিপল) ভিসা দেওয়া হবে। আবার কোনো একটি দেশে নিবন্ধনকৃত যানবাহন অন্য দেশে অভ্যন্তরীণ যাত্রী ও পণ্য পরিবহন করতে পারবে না। খসড়া চুক্তি অনুযায়ী, যানবাহনের খুচরা যন্ত্রপাতি, জ্বালানি ও তেল সব ধরনের শুল্ক ছাড়ের সুবিধা পাবে। নিয়মিত যাত্রী ও পণ্য পরিবহনের জন্য প্রতিটি যানবাহনকে সর্বোচ্চ সাত দিন এবং জিপ, মোটরগাড়ি ও ভ্যানগাড়িকে পাঁচ দিন থেকে সর্বোচ্চ ৩০ দিন শুল্ক ছাড় দেওয়া হবে। প্রতিটি যানবাহন গন্তব্যে প্রবেশের সময় টোল আদায় করা হবে। সদস্য দেশগুলো আলোচনার মাধ্যমে টোলের হার নির্ধারণ করবে।