পাকিস্তানের অবস্থান একাত্তরের গণহত্যার দায় স্বীকারের শামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষে পাকিস্তানের অবস্থান নেওয়ার বিষয়টি একাত্তরের গণহত্যায় সম্পৃক্ততার দায়দায়িত্ব স্বীকার করে নেওয়ার শামিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদে গতকাল রোববার সরকারি দলের পিনু খানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা পৌনে ১১টায় সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তান সরকার বারবার যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে। বিষয়টি প্রকৃতপক্ষে একাত্তরের গণহত্যায় সম্পৃক্ততা ও এর দায়দায়িত্ব স্বীকার করে নেওয়ার শামিল। ১৯৭১ সালে পাকিস্তান সামরিক বাহিনীর গণহত্যার প্রত্যক্ষ সহযোগী যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিভিন্ন সময়ে পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ ও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি দিয়েছে। বিষয়টি একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ। পাকিস্তানের এ ধরনের কর্মকাণ্ড ও মন্তব্য সম্পূর্ণ অসংগত, পক্ষপাতদুষ্ট, অগ্রহণযোগ্য ও শিষ্টাচারবহির্ভূত।
মাহমুদ আলী আরও জানান, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে সই হওয়া ত্রিদেশীয় চুক্তিতে বাংলাদেশের গণহত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো অপরাধের বিচার করা যাবে না বলে কোনো শর্ত ছিল না। বরং পাকিস্তানই ১৯৭১ সালে গণহত্যার জন্য চিহ্নিত ও আটককৃত নিজ দেশের নাগরিকদের বিচারের আওতায় আনার বাধ্যবাধকতা অনুসরণে ব্যর্থ হয়েছে। বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এসব অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে।
আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পাকিস্তানের কাছ থেকে ন্যায্য পাওনা আদায়ে বদ্ধপরিকর। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত সব আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাওনার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ভারতের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি চুক্তি হয়েছে।
এম এ মালেকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সাজাপ্রাপ্ত ব্যক্তি হস্তান্তর চুক্তি বিদ্যমান আছে।
আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যা বের কর্মকাণ্ড পরিচালনায় অফিস ভাড়া বাবদ বছরে ছয় কোটি চার লাখ টাকা ব্যয় হয়। তবে র্যা বের জন্য ভবন তৈরির বিষয়টি চলমান ও প্রক্রিয়াধীন। এ জন্য ঢাকায় র্যা বের সদর দপ্তর, উত্তরা, মোহাম্মদপুর, খিলগাঁও, পল্লবী, কামরাঙ্গীরচর, গাজীপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, রংপুর ও ময়মনসিংহে জমি অধিগ্রহণ করা হয়েছে।
মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিজিবির জনবল বাড়ানো প্রয়োজন। কারণ, বিজিবির তুলনায় প্রতিপক্ষ বিএসএফের জনবল প্রায় তিন গুণ বেশি। অপর এক সাংসদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় কারাগারে বন্দীসংখ্যা ধারণক্ষমতার তিন গুণ।