পাকিস্তানের অবস্থান পরোক্ষ যুদ্ধ ঘোষণার শামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের সংসদে নেওয়া নিন্দা প্রস্তাব ও সে দেশের রাজনীতিকদের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পাকিস্তানের ওই ভূমিকাকে বাংলাদেশের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ ঘোষণার শামিল বলে অভিহিত করে জনগণ ও সরকারকে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।
গতকাল বুধবার সেক্টর কমান্ডারস ফোরাম এক বিবৃতিতে বলেছে, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের সংসদের প্রস্তাব ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারবর্জিত ও ঔদ্ধত্যপূর্ণ। এসব বক্তব্যে আবারও প্রমাণিত হয়েছে, পাকিস্তান এখনো শোধরায়নি। বিবৃতিতে বলা হয়, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, যতই দেশি-বিদেশি ষড়যন্ত্র হোক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়া বাংলাদেশের নৈতিক, ঐতিহাসিক ও রাজনৈতিক দায়বদ্ধতা। এ থেকে সরে আসার বিন্দুমাত্র সুযোগ নেই।’
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু এক বিবৃতিতে বলেন, কাদের মোল্লার ফাঁসির বিষয়ে পাকিস্তানের অবস্থান অগ্রহণযোগ্য। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ও সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপের শামিল। এর তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তান সংসদে উত্থাপিত প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
একই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজাতিন্ত্রক দল (বাসদ) গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে করেছে। সমাবেশে সিপিবির সভাপতি
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পাকিস্তানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় জামায়াত এ দেশে তাদের পঞ্চম শক্তি হিসেবে কাজ করছে। পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ড শুধু কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়,
পরোক্ষভাবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। একাত্তরের মতো আবারও পাকিস্তানকে এর সমুচিত জবাব দিতে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য
সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও পাকিস্তান সংসদের প্রস্তাব ও রাজনীতিকদের বক্তব্যের প্রতিবাদে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এক বিবৃতিতে বলেন, যুদ্ধাপরাধের দায় স্বীকার করে পৃথিবীর অনেক জাতি ও রাষ্ট্র প্রতিপক্ষের
কাছে ক্ষমা চেয়ে নিজেদের সভ্য জাতি হিসেবে প্রমাণ দিয়েছে। পাকিস্তানের সরকার ও সংসদের প্রস্তাব দেখে মনে হয় মানবতা, ন্যায়বিচার ও সভ্যতার ধারণা থেকে তারা এখনো অনেক দূরে আছে।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতিও পাকিস্তানের অবস্থানের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। আগামী রোববার সমিতির পক্ষ থেকে এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে গোলটেবিল আলোচনার আয়োজন
করবেন তাঁরা।
পাকিস্তান সংসদের প্রস্তাব ও সে দেশের রাজনীতিকদের বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছে বাংলাদেশে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, পেশাজীবী নারী সমাজ, জাতীয় নারী জোট, কৃষিবিদ ইনস্টিটিউশন
বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও সাবেক ছাত্রনেতারা। এ ছাড়া গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে পাকিস্তানের রাজনীতিক ও সাবেক ক্রিকেটার ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক
জোট।